প্রধানমন্ত্রীকে আলিঙ্গনের চেষ্টা

রাজশাহীর বিভাগীয় কমিশনার ওএসডি

রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ইউসুফ আলী সৌজন্য সাক্ষাতের সাধারণ নিয়ম উপেক্ষা করে হাত মেলানোর সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে ধরার চেষ্টা করেন এবং অতিরিক্ত ঝুঁকে এগিয়ে যান। এ ঘটনায় তাকে তাৎক্ষণিকভাবে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়। ‘জনস্বার্থে জারিকৃত’ স্ট্যান্ড রিলিজের এ আদেশ পাওয়ার পরপরই ওই রাতেই তিনি রাজশাহী ত্যাগ করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, রাজনৈতিক কর্মসূচি ও জনসভা শেষে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে বিদায় সংবর্ধনার সময় প্রটোকল ডিউটিতে থাকা বিভাগীয় কমিশনার ইউসুফ আলী অনাকাক্সিক্ষত আচরণ করেন। সৌজন্য সাক্ষাতের সাধারণ নিয়ম উপেক্ষা করে হাত মেলানোর সময় তিনি প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা করেন এবং অতিরিক্ত ঝুঁকে এগিয়ে যান। এ ঘটনার ভিডিও ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সরকারি প্রটোকল ও আচরণবিধির মারাত্মক ব্যত্যয় ঘটায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার বিরুদ্ধে এই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। তবে প্রজ্ঞাপনে তাকে ওএসডি করার কারণ বলা হয়নি। আদেশে ইউসুফ আলীর স্থলাভিষিক্ত হিসেবে অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। মাঠ প্রশাসনের কর্মকর্তারা জানান, রাষ্ট্রীয় উচ্চপর্যায়ের সফরকালে প্রটোকল ও নিরাপত্তা জোরদার রাখা বাধ্যতামূলক। সিভিল সার্ভিসের শৃঙ্খলা, পেশাদারত্ব ও নিয়মকানুন বজায় রাখতে সরকার কোনো অনিয়ম বরদাশত করবে নাÑ এই কঠোর সিদ্ধান্তের মাধ্যমে সেটিই স্পষ্ট করা হলো।