নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি পেতে পারেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর শ্যামাপূজা উপলক্ষে ছুটি থাকায় এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই সুযোগ তৈরি হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপনের পাশাপাশি ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে। পরদিন ৮ নভেম্বর রোববার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।
এর আগে ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি। ফলে শুক্র, শনি ও রোববার—টানা তিন দিন বন্ধ থাকতে পারে সরকারি-বেসরকারি স্কুল-কলেজ এবং সংশ্লিষ্ট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। একই সঙ্গে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও ছুটির সুযোগ তৈরি হচ্ছে।
বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসায় ছুটির চিত্র ভিন্ন
তবে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছুটির বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ছুটির তালিকা ও কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির তথ্য না থাকায় মাদ্রাসার শিক্ষার্থীদের ক্ষেত্রে একই ছুটি প্রযোজ্য হওয়ার বিষয়টি নিশ্চিত নয়।