কমলাপুরে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১০

ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকায় যৌথ মাদকবিরোধী অভিযানে ১০জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশন থানাধীন বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রেলওয়ে থানা পুলিশ ও ডিবি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) কমলাপুর রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন দেশ রূপান্তরকে এতথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঢাকা কমলাপুর রেলস্টেশনের শহরতলী প্ল্যাটফর্মের দক্ষিণ পার্শ্বে টিটি পাড়া রেলওয়ে আন্ডারপাস এলাকায় ঢাকা রেলওয়ে থানা পুলিশ ও রেলওয়ে পুলিশের ডিবি শাখার সমন্বয়ে যৌথভাবে বিশেষ মাদকবিরোধী অভিযান চালানো হয়। ওই অভিযানে ছয়জন মাদকসেবীসহ আরো চারজনকে আটক করা হয়। 

ওসি জয়নাল আবেদীন বলেন, কমলাপুর রেলওয়ে স্টেশনের বাইরের যত মাদকের আখড়া ছিল সব ভেঙে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। এই এলাকায় কোনো মাদক কারবারি জায়গা হবে না।

আটককৃতদের যাচাই-বাছাই শেষে মোবাইল কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।