কমলাপুর রেলস্টেশনের ডিসপ্লেতে হঠাৎ পর্নোগ্রাফি, ভাঙা হলো ইট ছুড়ে

  • শুক্রবার মধ্যরাতে হঠাৎ ওই মনিটরে পর্নোগ্রাফি চালু হয়ে যায়
  • স্টেশনে থাকা মানুষ স্ক্রিন বন্ধ করতে না পেরে ইট মেরে সেটা ভেঙে ফেলেন
  • বিষয়টি খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ এএম

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের একটি ডিজিটাল মনিটরে হঠাৎ করে পর্নোগ্রাফি চলতে দেখা গেছে। স্ক্রিন বন্ধ করতে না পেরে এ সময় লোকজন মনিটরটি ইট ছুড়ে ভেঙে ফেলেন।

জানা গেছে, গত শুক্রবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় উপস্থিত যাত্রীরা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। বিষয়টি খতিয়ে দেখতে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রেলের সময়সূচি দেখানোর মনিটরে পর্নোগ্রাফি চলার এ ঘটনার বিষয়টির সত্যতা স্বীকার করেছেন স্টেশন মাস্টার শাহাদাত হোসেন।

তিনি বলেন, শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে ওই মনিটরে হঠাৎ পর্নোগ্রাফি চালু হয়ে যায়। এ সময় স্টেশনে উপস্থিত লোকজন স্ক্রিন বন্ধ করতে না পেরে ইট মেরে সেটা ভেঙে ফেলেন।

তবে ঘটনাটি কেন এবং কীভাবে ঘটল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

এদিকে এ বিষয়টি রেল-সংশ্লিষ্ট কারও ডিভাইস থেকেও হতে পারে বা হ্যাকিংও হতে পারে বলে ধারণা করছে পুলিশ। কীভাবে এ ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ।

কমলাপুর রেলস্টেশনে বিব্রতকর এই ঘটনার পর দ্রুত তদন্তে নেমেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঢাকা বিভাগীয় রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ বলেন, ঘটনার কারণ উদঘাটনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে তারা।

এর আগে, গত ২৮ অক্টোবর কমলাপুর রেলস্টেশনের প্রবেশপথের মনিটরে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা স্ক্রল উঠেছিল। সে ঘটনার পর ডিসপ্লে বন্ধ রাখা হয়েছিল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত