আনসার গলি সামনে পড়ে ছিল গুলিবিদ্ধ যুবকের মরদেহ

খুলনা সদরে তুষার নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার পূর্ব বানিয়া খামারের আনসার গলির সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও গুলির দু’টি খোসা উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

নিহত তুষার নগরীর লবনচরা থানার জিন্নাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পূর্ব বানিয়াখামার খাদেমুল উলুম মাদরাসা সামনে কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় দুর্বৃত্তরা অস্ত্র বের করে গুলি করলে তুষার পিঠে গুলি বিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে খবর পেয়ে পুলিশকে মরদেহ উদ্ধার করে খুমেক হাসপাতালে পাঠায়। 

খুলনা থানার উপপরিদর্শক (এসআই) মো.শাহা আলম জানান, নিহত যুবক কারাগারে আটক খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সক্রিয় সদস্য। প্রতিপক্ষ গ্রু‌পের গুলিতে তার মৃত্যু হয়েছে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন  জানান, হত্যাকারীদের শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ। নিহত তুষারের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা রয়েছে।