বিএনপির দুইপক্ষে সংঘর্ষ, মুন্সীগঞ্জে আহত ৩

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পিএম

আধিপত্য বিস্তার নিয়ে মুন্সীগঞ্জ সদরে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গ্রামে এঘটনায় তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আহতরা হলেন গুলিবিদ্ধ আবু সাঈদ (৬৫),সাইফুল হাওলাদার (২১) ও মো. হৃদয়কে (২২)।

আটকরা হলেন ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মিল্টন মল্লিক (৪৫), মো. মুন্না (৪০) ও আল-আমিন (২৩)।

স্থানীয়দের বরাতে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তসলিম উদ্দিন জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সামনে এলাকার নিয়ন্ত্রণ নিতে বিএনপির দুই পক্ষের লোকজন মরিয়া হয়ে উঠেছে। আধিপত্য বিস্তারে বৃহস্পতিবার সকালে মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটি গ্রামে দুইপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে সংঘর্ষে জড়ায়। এসময়  দুইপক্ষের মধ্যে গুলাগুলিসহ মুর্হুমুহু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে । এতে উভয় পক্ষের তিনজন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনে। এক পর্যায়ে সেখান থেকে তিনজনকে আটক করে পুলিশ। 

আহত সাইফুল হাওলাদারের মা পেয়ার বেগমের দাবি, ভোরে আতিক মল্লিকের সর্মথক মিল্টন মল্লিক তার দলবল নিয়ে তার ছোট ছেলের বসতবাড়িতে হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি করে। এসময় মূর্হুমুহু ককটেল বিস্ফোরণ ঘটায়। ভয়ে তার ছেলে পালাতে গেলে ককটেল ছুড়ে মারে। সেই ককটেল বিস্ফোরণ হলে তার ছেলের ডান হাতের তিনটি আঙ্গুল উড়ে যায়।

সংঘর্ষের বিষয়ে বিএনপি নেতা আতিক মল্লিক ও আওলাদ হোসেন মোল্লা সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ব্যবহৃত মোবাইল ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়।

এঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান ওসি মো. তসলিম উদ্দিন।

সর্বশেষ সর্বাধিক পঠিত