ভোলার বোরহানউদ্দিনে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হলে বাবাকে বাঁচাতে গিয়ে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কালিরহাট এলাকায় এঘটনায় বাবা আলম বক্তার আহত হয়েছেন।
মৃতরা হলেন তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নেরে বাসিন্দা আলম বক্তারের বড় ছেলে আবদুর রহিম (৪০) ও ছোট ছেরে রাকিব (৩০)।
স্থানীয়দের বরাতে র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ আলী জানান, গাছ কাটার কাজ করে জীবিকা নির্বাহ করতেন ওই পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকালে আলম বক্তার তার তিন ছেলেকে নিয়ে বোরহানউদ্দিনে তার শ্যালক মো. আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটতে যান। এ সময় সেখানে একটি ছেঁড়া বৈদ্যুতিক তার দেখতে পেয়ে সেটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আলম বক্তার। বাবাকে বাঁচাতে এগিয়ে গিয়ে তাঁর এক ছেলে বিদ্যুতায়িত হন। পরে গাছ থেকে নেমে আরেক ছেলে তাকে উদ্ধারের চেষ্টা করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দুই ভাই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন। এঘটনায় আহত বাবা আলম বক্তারকে চিকিৎসা দেওয়া হয়েছে।