লাকসামে ট্রেনে লাইনচ্যুত, ২৫ ঘণ্টা পর যোগাযোগ শুরু

কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতির ঘটনায় বন্ধ হয়ে যাওয়া ঢাকা-চট্টগ্রাম রেলপথের ঢাকামুখী আপলাইনে ২৫ ঘণ্টার পর ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৫০মিনিটে বগিটি সরিয়ে নেওয়ার পর চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস দুর্ঘটনাস্থল অতিক্রমের মধ্য দিয়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথের দুই লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তবে রেল যোগাযোগ বন্ধ থাকায় ঢাকা-চট্টগ্রাম রুটের যাত্রীদের ভোগান্তিতে পড়দে হয়।

লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের স্টেশনমাস্টার ওমর ফারুক ভূঁইয়া বলেন, এখন স্বাভাবিক নিয়মে দুই লাইন দিয়েই ট্রেন চলাচল করছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৭টায় দুর্ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শেষ হয়। তবে কর্ণফুলী কমিউটার এক্সপ্রেসের একটি বগি আপ লাইনে পড়ে থাকায় ওই পথে ট্রেন চলাচল শুরু করা যাচ্ছিল না। বগিটি সরানোর জন্য নাঙ্গলকোট স্টেশন থেকে একটি ইঞ্জিন পাঠানো হয়। সকাল ১১টা ৪০ মিনিটে দুর্ঘটনাস্থলে পৌঁছায় ইঞ্জিনটি বগিটি সরিয়ে সকাল ১১টা ৫৫ মিনিটে লাকসাম রেলওয়ে জংশনে ফিরে আসে। এরপর আপ লাইন দিয়ে ট্রেন চলাচলের পথ খুলে যায়।

এর আগে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে লাকসাম উপজেলার আজগরা বাজারসংলগ্ন নাওটি স্টেশনের আউটার এলাকায় কর্ণফুলী কমিউটার এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের তিনটি চাকাসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে অন্তত সাতজন যাত্রী আহত হন। তাঁদের কেউ গুরুতর আহত হননি। আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন।