ফের বাতিল দিল্লির কনসার্ট

দিলজিতের নিরাপত্তা নিয়ে আতঙ্কে পুলিশ!

৩০ অক্টোবর ভারতের রাজধানী দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু এবার এই অনুষ্ঠানের অনুমতি বাতিল করল দিল্লি পুলিশ। গায়কের বহু প্রতীক্ষিত ‘অউরা ইন্ডিয়া ট্যুর’র অংশ হিসেবে এই অনুষ্ঠানটি আয়োজনের কথা ছিল। কিন্তু সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলার কথা মাথায় রেখে এই আবেদন প্রত্যাখ্যান করেছে দক্ষিণ দিল্লি জেলা পুলিশ প্রশাসন। 

মুম্বাই সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, টিকিট বুকিং প্ল্যাটফর্ম ‘বুকমাইশো’-কে পাঠানো এক চিঠিতে দক্ষিণ দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন, গত ১৪ অক্টোবরের আবেদনের ভিত্তিতে সমস্ত দিক খতিয়ে দেখা হয়েছে। বর্তমানে উৎসবের মরশুম চলায় শহরজুড়ে নিরাপত্তা সুনিশ্চিত করার অতিরিক্ত চাপ রয়েছে। তার ওপর কিছু নির্দিষ্ট গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত আশঙ্কাজনক তথ্য ও অন্যান্য আইনশৃঙ্খলাজনিত বাধ্যবাধকতার কারণে এই বিশাল কনসার্ট আয়োজনের ছাড়পত্র দেওয়া সম্ভব হচ্ছে না। 

 এর আগে এই অনুষ্ঠানটি ১ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পরে তা ৩০ অক্টোবরে এগিয়ে আনা হয়। অনুষ্ঠানের ঠিক কয়েক দিন আগে দিল্লি পুলিশের এমন সিদ্ধান্তে ঘোর অনিশ্চয়তার মুখে পড়েছেন গায়ক, অভিনেতার হাজার হাজার অনুরাগী। টিকিট ফেরত দেওয়া হবে নাকি বিকল্প কোনও জায়গা বেছে নিয়ে কনসার্টটি আয়োজন করা হবে, সে বিষয়ে আয়োজক বা গায়কের টিমের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।