বেঙ্গালুরু কনসার্টের আগেও বোমাতঙ্ক, দিলজিতের মামলা

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২১ পিএম

বছরজুড়েই আলোচনা ছিলেন পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্ঝ। গত কয়েক দিন ধরেই বার বার সংবাদের শিরোনামে এসেছেন তিনি। এবার গায়কের বেঙ্গালুরু কনসার্ট ঘিরে তৈরি হল আতঙ্ক। আগামী ২৯ নভেম্বর তার অনুষ্ঠান হওয়ার কথা। এর আগেই সেই কনসার্টে আইইডি (ইম্প্রোভাইজ্‌ড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে বলে প্রতিবেদন করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। নিজের নিরাপত্তার জন্য মা্মললা করেছেন দিলজিৎ। 

ঘটনার সূত্রপাত গত ৯ নভেম্বর। অভিযোগ, ওই দিন হুব্বল্লি-ধারওয়াড় পুরনিগমের কমিশনারের সরকারি ই-মেইল আইডিতে একটি হুমকিবার্তা পাঠানো হয়। সেখানে দাবি করা হয়, ২৯ নভেম্বর দিলজিতের কনসার্ট চলাকালীন আইইডি বিস্ফোরণ ঘটানো হবে। শুধু তাই নয়, অনুষ্ঠানে শিশুদের নিয়ে না আসার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি, কোথাও পড়ে থাকা আইফোন না তোলা এবং ওই দিন মেট্রোতে যাতায়াত না করারও সতর্কবার্তা দেওয়া হয়। ই-মেইলের শেষে লেখা ছিল, ‘খালিস্তান জিন্দাবাদ’। 

পুলিশ সূত্রে খবর প্রকাশ করে পত্রিকাটি জানিয়েছে, বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এগ্‌জ়িবিশন সেন্টারের (বিআইইসি) কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অনুষ্ঠানের দিনক্ষণ ও স্থান সম্পর্কে নিশ্চিত হন তদন্তকারীরা। জানা যায়, ২৯ নভেম্বর মাদাবরের নাইস গ্রাউন্ডসেই গান গাওয়ার কথা দিলজিতের। 

এর পরেই বেঙ্গালুরুর নর্থ সিইএন ক্রাইম থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ নম্বর ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার ৩৫১(৪) ও ৩৫৩(১)(বি) ধারায় মামলা রুজু হয়েছে। হুমকিবার্তাটি যে ই-মেইল অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছিল, তার আইপি অ্যাড্রেস এবং প্রেরকের পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত