আলিসের সন্দেহজনক বোলিং অ্যাকশন

দুঃস্বপ্নের এক ওয়ানডে অভিষেকই হলো আলিস আল ইসলামের। সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের হতাশাজনক পারফরম্যান্সের পর এবার বড় ধাক্কা খেতে হলো এই স্পিনারকে।

আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে অভিষিক্ত আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন অবৈধ বলে অভিযুক্ত করেছেন ম্যাচ অফিশিয়ালরা। শারজাতে এই ম্যাচে অফিশিয়ালরা তার বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে সংশয় প্রকাশ করে আনুষ্ঠানিক রিপোর্ট জমা দেন। ম্যাচের পরদিন সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসি জানায়, শারজাতে বুধবার অনুষ্ঠিত ওই ম্যাচশেষে ম্যাচ অফিশিয়ালরা তাদের প্রতিবেদনে ২৯ বছর বয়সী এই বোলারের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। আইসিসির অবৈধ বোলিং অ্যাকশন সংক্রান্ত নিয়ম অনুযায়ী, এখন আইসিসি অনুমোদিত একটি টেস্টিং সেন্টারে নিজের বোলিং অ্যাকশনের স্বাধীন মূল্যায়ন (পরীক্ষা) দিতে হবে আলিসকে। সেখানে অ্যাকশন বৈধ করে তবেই আন্তর্জাতিক খেলায় ফিরতে পারবেন তিনি। বিপিএল দিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটে আলোচনায় আসা আলিসের বোলিং অ্যাকশন ঘরোয়া ক্রিকেটেও একাধিকবার অবৈধ হয়েছিল। অ্যাকশন শুধরে খেলায় ফিরে পারফর্ম করে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ঠাঁই করে দেন।

ওয়ানডেতে অভিষেক হওয়া ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৮.৩ ওভার বল করে ৪৭ রান দিয়েছেন তিনি। এর আগে চলতি মাসের শুরুতে এশিয়ান গেমসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতেও অভিষেক হয় আলিসের।