কবি, অনুবাদক রথো রাফি মারা গেছেন

কবি, সাংবাদিক ও অনুবাদক রথো রাফি আর নেই। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। দীর্ঘ দিন ধরে ফুসফুস ও কিডনির জটিলতার দরুন গত সোমবার থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। রথো রাফি কবিতা ও অনুবাদে নিজস্ব ভাষাভঙ্গি তৈরি করেছিলেন। ১৯৭৫ সালের ৩১ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জন্মগ্রহণ করেন রথো রাফি। নব্বইয়ের দশকে কবি হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০২০ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় তার প্রথম ও একমাত্র কাব্যগ্রন্থ ‘অক্ষর ও বালির পৃথিবী’। ৪৩২ পৃষ্ঠার এই বইয়ে দুই শতাধিক কবিতা স্থান পেয়েছিল।  অনুবাদক হিসেবেও পারদর্শী ছিলেন রথো রাফি। এরিখ ফ্রাইড, চার্লস বুকোস্কি, মুহাম্মদ আল-মাঘুত ও ইয়ারোস্লাভ সাইফার্টের মতো বিশ্বখ্যাত কবিদের কবিতা তিনি বাংলায় অনুবাদ করেছেন।