কিং ফাহাদ বিমানবন্দরে হুতি হামলায় নিহত ২

সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুজন নিহত হয়েছেন। দেশটির সাধারণ বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষ (জিএসিএ) এই তথ্য নিশ্চিত করেছে। কর্র্তৃপক্ষ জানায়, গতকাল বৃহস্পতিবারের এই হামলায় একজন সৌদি নাগরিক এবং একজন ভারতীয় বাসিন্দা নিহত হয়েছেন। এ ছাড়া এই ঘটনায় দুই বাংলাদেশিসহ আটজন আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এ ছাড়া সৌদির একটি তেল স্থাপনায় পৃথক হামলায় আরও দুজন নিহত হয়েছেন।

কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় আহতদের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও দুই ভারতীয়, দুই ইয়েমেনি, এক সৌদি ও এক নেপালি নাগরিক রয়েছেন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন। কর্র্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনার কাজ অব্যাহত রেখেছে নিরাপত্তা বাহিনী। তবে হামলার ঘটনার পর বিমানবন্দরটিতে বিমান চলাচল ও অন্য কার্যক্রম পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। জিএসিএ জানিয়েছে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ অক্টোবরের হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন। এর এক দিন পর, ১১ অক্টোবর একটি বিমানবন্দরে আরেকটি হামলা করা হয়। সৌদি কর্র্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ওই হামলায় একজন নিহত এবং ১১ জন আহত হন।

ইয়েমেনের বড় অংশের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখা নিয়ে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হুতিদের সঙ্গে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। হুতিদের বিভিন্ন স্থাপনায় সৌদি জোটের নেতৃত্বে হামলা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ইরান সমর্থিত হুতিরা সৌদি ভূখণ্ডে একের পর এক হামলা চালাচ্ছে। বিশেষ করে সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনা লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, বৃহস্পতিবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের ওপর থেকে চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর আগে বুধবার জোট বাহিনী সৌদি আরব লক্ষ্য করে ছোড়া সাতটি ড্রোন বাধা দিয়ে ধ্বংস করার কথা জানিয়েছিল। যেগুলোর মধ্যে একটি মদিনা অঞ্চলে ধ্বংস করা হয় বলে দাবি করেছে তারা। তবে মদিনা লক্ষ্য করে হামলার অভিযোগ নাকচ করে দিয়েছে হুতি বিদ্রোহীরা।

এদিকে, সৌদি আরবের জ¦ালানি মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে আরব নিউজ জানিয়েছে, গত বুধবার দেশটির রাষ্ট্রায়াত্ত কোম্পানি আরামকোর শায়বাহ তেলক্ষেত্রের এক প্রক্রিয়াকরণ স্থাপনাকে লক্ষ্যস্থল করে ছোড়া একটি ড্রোন সফলভাবে বাধা দিয়ে ধ্বংস করা হয়। কিন্তু এর পড়ন্ত ধ্বংসাবশেষের আঘাতে একজন ফিলিপিনো ও একজন নেপালি নিহত হন। বিবৃতিতে আরও বলা হয়, বুধবার সকালে ড্রোনটি প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষ শায়বাহ তেলক্ষেত্রের সীমানার বাইরে এক ঠিকাদারের মালিকানাধীন একটি গাড়ির ওপর পড়লে সেটিতে আগুন ধরে যায়। তবে এতে স্থাপনাটির কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি। এ ঘটনায় আহত দুজনের একজন পাকিস্তানের ও অন্যজন ভারতের নাগরিক।

কূটনীতিকদের সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের : সৌদি আরবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিশনে কর্মরত কিছু কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একইসঙ্গে ওই অঞ্চলের আরও কয়েকটি দেশ থেকে কূটনীতিকদের পরিবারকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট ‘এক্স’ হ্যান্ডলে দেওয়া পোস্টে জানিয়েছেন, হুথি বিদ্রোহীদের হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবে কর্মরত যুক্তরাষ্ট্র সরকারের জরুরি নয় এমন সব কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ফেব্রুয়ারিতে ইরান-ইসরায়েল সংঘাতের সময় নিরাপত্তার খাতিরে অনেক কর্মীকে ওই অঞ্চল থেকে সরিয়ে নিয়েছিল ওয়াশিংটন। পিগট বলেন, ইরান সমর্থিত হুতিরা সৌদি আরবে বেসামরিক বিমানবন্দর ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাচ্ছে, যার ফলে সাধারণ মানুষ হতাহত হচ্ছে এবং উড়োজাহাজ চলাচল ব্যবস্থা ব্যাহত হচ্ছে। চারজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলের অন্য দেশে অবস্থিত মিশনগুলোও তাদের কর্মীদের পরিবারের সদস্যদের ফিরে আসার নির্দেশ দিতে যাচ্ছে। যদিও মুখপাত্র টমি পিগট সৌদি আরবের বাইরের মিশনগুলোতে কোনো পরিবর্তন আনা হবে কি না, সে বিষয়ে কিছু বলেননি।