বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, থানায় স্বামী ও দুই ছেলে

রাজধানীর পূর্ব নাখালপাড়ার একটি বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আরিফ ও তার স্কুলপড়–য়া দুই ছেলেকে থানায় নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পূর্ব নাখালপাড়ার ৩০০/বি নম্বর বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই নারীর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কীভাবে তিনি মারা গেছেন তা জানতে তদন্ত চলছে। নিহতের শাশুড়ি ও দেবরের বরাত দিয়ে জানা গেছে, তাদের গ্রামের বাড়ি দিনাজপুর জেলায়। ওই নারী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও দুই ছেলেকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ওই নারীর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।