দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ডেঙ্গুতে চারজন এবং হামের উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চলতি মাসের ২২ দিনে ডেঙ্গুতে ভর্তি হয়েছে ৩৮ হাজার ৮৮২ জন, মৃত্যু হয়েছে ১২৩ জনের।
ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫০২ জন। মৃত্যু হয়েছে ৩৬৮ জনের। ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫১২ জন। ২৪ ঘণ্টায় মৃত চারজনের ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে একজন করে এবং ময়মনসিংহে দুজন। ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৪৫৫ জন। চলতি বছরে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১২ হাজার ১১১ জন।
হামবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত দুজনই ঢাকায়। ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯৯৫ জন এবং হাম শনাক্ত হয়েছে ৩৬ জনের। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে ১ হাজার ২০৭ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০৪ শিশুর। বাকি ১ হাজার ১০৩ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ২ লাখ ১৭ হাজার ৭৬০ জন। হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ২৪৮ জনের। হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৬০৮ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন।