কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতির ঘটনায় বন্ধ হয়ে যাওয়া ঢাকা-চট্টগ্রাম রেলপথের ঢাকামুখী আপলাইনে ২৫ ঘণ্টার বেশি সময় পর ট্রেন চলাচল শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষ হলেও দুর্ঘটনাকবলিত একটি বগি আটকে থাকায় ট্রেন চলাচল শুরু করতে বিলম্ব হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে বগিটি সরিয়ে নেওয়ার পর আপ লাইন দিয়ে প্রথম ট্রেন চলাচল করে। দুপুর ১২টা ৫০ মিনিটে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস দুর্ঘটনাস্থল অতিক্রম করে। এর মধ্য দিয়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথের দুই লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দুর্ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শেষ হয়। তবে কর্ণফুলী কমিউটার এক্সপ্রেসের একটি বগি আপ লাইনে পড়ে থাকায় ওই পথে ট্রেন চলাচল শুরু করা যাচ্ছিল না। বগিটি সরানোর জন্য নাঙ্গলকোট স্টেশন থেকে একটি ইঞ্জিন পাঠানো হয়। ইঞ্জিনটি বেলা ১১টা ৪০ মিনিটে দুর্ঘটনাস্থলে পৌঁছায়। পরে বগিটি সরিয়ে বেলা ১১টা ৫৫ মিনিটে লাকসাম রেলওয়ে জংশনে ফিরে আসে। এরপর আপ লাইন দিয়ে ট্রেন চলাচলের পথ খুলে যায়। এর আগে গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনার পর থেকে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। এ সময় ডাউন লাইন দিয়ে দুই দিকের ট্রেন চালানো হয়। এতে ট্রেন পরিচালনায় বিঘœ ঘটে।
লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের স্টেশনমাস্টার ওমর ফারুক ভূঁইয়া বলেন, এখন স্বাভাবিক নিয়মে দুই লাইন দিয়েই ট্রেন চলাচল করছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে রেলওয়ের ফেনীর ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।