কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিমের একটি বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত বুধবার রাজারহাটে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মাত্র দেড় মিনিটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে ২৫ বার ‘স্যার’ সম্বোধন করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উপজেলার বৈদ্যের বাজার হরিসভা সংস্কৃতি দুর্গা মন্দির প্রাঙ্গণে অসচ্ছল হরিজন, রবিদাস ও বেদে সম্প্রদায়ের মানুষের মধ্যে শাড়ি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনও তানজিলা তাসনিম। কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
বক্তব্যে রাজারহাটে একটি সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরে ইউএনও বলেন, সরকার কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। ভূমিসংক্রান্ত বিভিন্ন কাজে দক্ষ জনবলের প্রয়োজন রয়েছে। এ অবস্থায় রাজারহাটে সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠা করা হলে উত্তরাঞ্চলের মানুষ উপকৃত হবেন। এ বিষয়ে যথাসময়ে মন্ত্রিসভায় প্রস্তাব উত্থাপনের জন্য মন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি। অনুষ্ঠানে সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার দাবি, সরকারি উদ্যোগের প্রশংসা ও চাকরিজীবীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় বক্তব্যে তুলে ধরলেও দেড় মিনিটে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ সম্বোধনের বিষয়টি ঘিরেই নতুন করে আলোচনায় এসেছেন রাজারহাটের ইউএনও তানজিলা তাসনিম।
সরকারি চাকরিজীবীদের পক্ষ থেকে নবম পে-স্কেল নিয়েও মন্ত্রীকে ধন্যবাদ জানান তানজিলা তাসনিম। তার মতে, এ উদ্যোগ সরকারি কর্মচারীদের কাজের উদ্দীপনা বাড়াতে ভূমিকা রাখবে।
এর আগেও আলোচনায় এসেছিলেন তানজিলা তাসনিম। ২০২৫ সালের ডিসেম্বরে কক্সবাজারের ইউএনও থাকাকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে এক পর্যটককে গ্রেপ্তারের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। ওই ঘটনা নিয়েও আলোচনা-সমালোচনা হয়।