কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার যুবক          

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টার অভিযোগে কাউসার আহম্মেদ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ব্যাংকের নিরাপত্তাকর্মীর হাত-পা ও মুখ বেঁধে রেখে ভেতরের স্ট্রং রুমের দরজা ভাঙার চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। গত বুধবার রাত সোয়া তিনটার দিকে উপজেলার সোহাগী ইউনিয়নের বাংলাদেশ কৃষি ব্যাংক সোহাগী বাজার শাখায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার কাউসার আহম্মেদ ওই ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের রতন মিয়ার ছেলে।

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার ব্যাংকটির সোহাগী বাজার শাখার সাধারণ কর্মকর্তা নাজমুল হক বাদী হয়ে কাউসার আহম্মেদের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন।