নারায়ণগঞ্জে ইউনিয়ন যুবদলের সভাপতিকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পূর্বশত্রুতার জেরে আড়াইহাজার থানাধীন কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহির ফকিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে উপজেলার চরহোগলা গ্রামে নিজ ফার্মেসি থেকে বাড়ি যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সে মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নের খরিয়ারচর গ্রামের আব্দুল রহমান মাতব্বরের ছেলে। স্থানীয়রা জানান, সেই রাতে ২০ থেকে ২৫ জন তাকে কুপিয়ে জখম করে। চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহতের ভাগ্নে ইসমাইল ও বিল্লাল হোসেন জানান, আসন্ন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থিতা নিয়ে মোবারক হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর আগেও কয়েক বার মোবারক তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জহিরের ওপর হামলা করে। আড়াইহাজার থেকে মোবারক ও তার সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান ফার্মেসি থেকে বাসায় যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। হত্যার সঙ্গে জড়িতদের  দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। সোনারগাঁও থানার ওসি আব্দুল বারিক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

এদিকে, মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালীগঞ্জ বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তাইজুল সরদার (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কালীগঞ্জ বাজারের হানিফের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কালীগঞ্জ বাজারে হানিফের চায়ের দোকানে ঢুকে আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিলন সরদার ও তার কয়েকজন অনুসারীর ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় তাইজুল সরদার ও তার সহযোগীরা। এতে মিলন পক্ষের জহির ও মহাসিন গুরুতর আহত হন। এ সময় পাল্টা হামলা চালিয়ে তাইজুল সরদার ও সাইফুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে মিলন পক্ষের লোকজন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে তাইজুল সরদারের মৃত্যু হয়। নিহত তাইজুল সরদার মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দি এলাকার মৃত রুস্তুম আলী সরদারের ছেলে। তিনি আলীনগর ইউনিয়নের মানিক সরদার হত্যা মামলার আসামি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনিব্যবস্থা নেওয়া হবে।’