জামায়াত-আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত : রিজভী

জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে এবং তা প্রমাণিত বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘গুপ্ত আর পরাজিত শক্তির আচরণ একই। জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে সম্পর্ক আছেÑপ্রমাণ আছে বলেই এ কথা বলেছেন প্রধানমন্ত্রী।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শান্তিনগরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে এক সমাবেশে এ কথা বলেন রিজভী। বিরোধী দল জামায়াতকে ইঙ্গিত করে রিজভী বলেন, ‘আওয়ামী লীগ আগে অপপ্রচার চালাত, এখন তাদের সঙ্গে আরেকটি গুপ্ত দল যুক্ত হয়েছে। আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার বিষয়ে ওই দলের বক্তব্যসহ বিভিন্ন বিষয় দুই পক্ষের সম্পর্কের প্রমাণ হিসেবে সামনে এসেছে। পরাজিত শক্তির সঙ্গে দলটির আচরণেও মিল রয়েছে।’ দুর্গাপূজার নিরাপত্তা প্রসঙ্গে রিজভী বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা দিনরাত কাজ করে পূজাম-পগুলোর নিরাপত্তা নিশ্চিত করেছেন। গত ১৭-১৮ বছরের মধ্যে এবার সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে।’

ডেঙ্গু প্রতিরোধে সরকারের উদ্যোগ তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘সরকার ও দলের পক্ষ থেকে সমন্বিতভাবে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তৈরি লিফলেটের মাধ্যমে সাধারণ মানুষকে ডেঙ্গু সম্পর্কে জানানো হচ্ছে। এসব লিফলেট অনেকটা ব্যবস্থাপত্রের মতো। ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত স্যালাইন সরবরাহ এবং দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে।’