রাজধানীর নিউমার্কেটে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতার বিরুদ্ধে গ্লোব শপিং সেন্টারের একটি দোকানে হামলা, মালামাল লুট ও দখলের অভিযোগ উঠেছে। এ সময় ভাড়াটিয়া দোকানদার ও মার্কেট ম্যানেজারকে মারধর করা হয়। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গ্লোব শপিং সেন্টারের দ্বিতীয় তলায় ২৮ নম্বর আছিল ভেলর নামের একটি দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কেট কর্তৃপক্ষ। অভিযোগ ওঠা ঢাকা কলেজ ছাত্রদলের নেতারা হলেন যুগ্ম আহ্বায়ক রাশেদুল আমিন, মাজেদুল ইসলাম, সাইফ হাসান এবং আহ্বায়ক সদস্য সাগর খান ও পারভেজ মোশাররফ, সাগর খান ও অপু মৃধা। এ ছাড়া কর্মী মোস্তাক আহমেদ ও নাইম আহমেদ।
এ বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন বলেন, ঘটনাটি এখনো জানি না। যদি এমন ঘটনা ঘটে তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব জানান, একটি দোকানের মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ বিষয়ে ইতিমধ্যে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। তাই উভয় পক্ষকে উচ্চ আদালতের শরণাপন্ন হতে বলা হয়েছে।