রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চুরির সন্দেহে মো. আলম শেখ (৪১) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হত্যাকাণ্ডের মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, আলম শেখ মানসিক ভারসাম্যহীন ছিলেন।
গতকাল বৃহস্পতিবার তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযান চালিয়ে হত্যার সঙ্গে জড়িত মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় মোস্তাফিজুর রহমান অয়ন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত আলম শেখ ঢাকার রূপনগর এলাকার বাসিন্দা। তিনি নাটোর জেলার বাসিন্দা। তার পরিবারের সদস্যদের ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে। তাকে উদ্ধারের পর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
পুলিশ সূত্রে জানা যায়, পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত বুধবার রাত ১১টায় আলম শেখ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের স্বজনরা তাকে ‘শিশু চোর’ বলে সন্দেহ করে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে বেধড়ক মারধর করতে থাকেন। মারধরের একপর্যায়ে তার মৃত্যু হয়।