চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় নিহত ফরিদপুরের ফরহাদ

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় মো. ফরহাদ শেখ (৩৫) নামে ফরিদপুরের বোয়ালমারীর এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ফরহাদ শেখ চুকিনগর গ্রামের শারীরিক প্রতিবন্ধী মো. সোহরাব শেখের ছেলে। পরিবারের জীবিকার তাগিদে তিনি চট্টগ্রামে শ্রমিকের কাজ করতেন।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের সদস্য শহিদুল ইসলাম জানান, ঘটনার দিন সকালে আমবাগান এলাকায় রেললাইনের পাশের একটি হোটেলে নাশতা শেষে রেললাইন ধরে হাঁটছিলেন ফরহাদ। এ সময় ঢাকা অভিমুখী একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনায় ফরহাদের একটি হাত ও একটি পা ভেঙে যায়। তার মাথায়ও গুরুতর আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে রেলওয়ে পুলিশ রেললাইনের আপ ও ডাউন লাইনের মাঝখান থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে তার সঙ্গে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়।

খবর পেয়ে স্বজনেরা চট্টগ্রামে গিয়ে ওই দিন রাতে মর্গে তার মরদেহ শনাক্ত করে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।