শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক, জাল ধ্বংস

মাদারীপুর জেলার শিবচরে পদ্মা নদীতে অবৈধভাবে ইলিশ শিকার বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৯ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের নেতৃত্বে পদ্মা নদীর শিবচর অংশের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ৯ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

অভিযানে জব্দ করা প্রায় ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় পুলিশ, মৎস্য বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত নৌপুলিশ, উপজেলা মৎস্য অফিস ও প্রশাসনের সমন্বয়ে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এ ছাড়া প্রায় ৩ লাখ মিটার অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধভাবে ইলিশ শিকার বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।