চন্দনাইশে মাদক ও চুরি মামলায় গ্রেপ্তার ২

চট্টগ্রাম জেলার চন্দনাইশে থানা পুলিশ ও ধোপাছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের যৌথ বিশেষ অভিযানে মাদক ও চুরি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলমের (বিপিএম) নির্দেশনায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১২টা ৫ মিনিট থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মাদক মামলার আসামি পশ্চিম ধোপাছড়ি পরান জুড়ানী এলাকার লোকমান (৪৫) এবং চুরি মামলার আসামি হাশিমপুর বহল্ল্যাহ পাড়া এলাকার মো. নাছির (৪০)।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।