চন্দনাইশে বিভিন্ন মন্ডপে বস্ত্র ও অর্থ বিতরণ

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩৬ এএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে বস্ত্র ও আর্থিক সহায়তা বিতরণ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ও চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সওদাগর।

রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদের নির্দেশনায় চন্দনাইশ পৌরসভার ৮ ও ৯নম্বর ওয়ার্ডের বিভিন্ন মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এই অনুদান ও শুভেচ্ছা সামগ্রী বিতরণ করেন।

বিতরণ শেষে বক্তব্যে সিরাজুল ইসলাম সওদাগর বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে যুগে যুগে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে। বিএনপি সবসময় ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাস করে।’

তিনি বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীরা যাতে অত্যন্ত আনন্দঘন ও নিরাপদ পরিবেশে তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সেজন্য আমরা সবসময় তাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।’

বস্ত্র ও আর্থিক সহায়তা  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদের ব্যক্তিগত সচিব (রাজনৈতিক) মোহাম্মদ আকতার উদ্দীন, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মো. মহিউদ্দিন, যুবদল নেতা এয়াকুব নবী সুমন, যুবদল নেতা শওকত কামাল, চন্দনাইশ পৌরসভার কনজারভেন্সি সুপারভাইজার মো. মেজবা উদ্দিন নিজামীসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত