দ্বন্দ্ব ভুলে ইনফান্তিনোকে সমর্থন এশিয়ার

বিশ্বকাপ বিক্রির বিতর্কিত পরিকল্পনা কিংবা ব্যক্তিগত বিরোধ, সব সংঘাত সরিয়ে রেখে জিয়ান্নি ইনফান্তিনোকে সমর্থন দিল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। সাম্প্রতিক সময়ে তীব্র সমালোচনা ও পদত্যাগের দাবির মুখে পড়া ফিফা সভাপতির চতুর্থ ও চূড়ান্ত মেয়াদে পুনর্নির্বাচনের পথ সুগম করতে পুরোপুরি পাশে এসে দাঁড়িয়েছে পুরো এশিয়া মহাদেশ।

আজ শুক্রবার টোকিওতে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা সরাসরি ইনফান্তিনোকে এই পূর্ণ সমর্থনের কথা নিশ্চিত করেন। 

গত কয়েক সপ্তাহে ফিফার ঐতিহ্যবাহী প্রতিযোগিতা যেমন, বিশ্বকাপকে বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার গোপন পরিকল্পনা ফাঁস হওয়ার পর বিশ্ব ফুটবলে চরম কোণঠাসা হয়ে পড়েন ৫৬ বছর বয়সী এই সুইস-ইতালিয়ান সংগঠক। বিভিন্ন দেশের ফুটবল সংস্থার সমর্থন হারানোর পাশাপাশি তার পদত্যাগের গুঞ্জনও জোরদার হয়। এমনকি এএফসি সভাপতি শেখ সালমানও ইনফান্তিনোর সেই পরিকল্পনার কড়া সমালোচনা করেছিলেন। তবে টোকিওর কংগ্রেসে ইনফান্তিনোর উপস্থিতিতেই সব বরফ গলে জল হয়ে যায়, যখন শেখ সালমান নিজেদের পূর্ণ সংহতি ঘোষণা করেন।

পুরোনো দ্বন্দ্ব পাশে সরিয়ে রেখে সংহতির আহ্বান জানিয়ে শেখ সালমান বলেন,’ফিফা সভাপতি হিসেবে আপনার নতুন মেয়াদের লড়াইয়ে আমাদের পূর্ণ সমর্থন ও নেতৃত্বের প্রতি অবিচল আনুগত্য পুনর্ব্যক্ত করছি। আপনি এশিয়ার বহু দেশ সফর করেছেন, আমি এ মহাদেশের অসংখ্য সদস্যের সঙ্গে কথা বলেছি। আমি আপনার অনুভূতির কথা জানি এবং আপনার প্রতিশ্রুতিও পরিষ্কার। জান্নির প্রতি আপনার সমর্থন অত্যন্ত স্পষ্ট।’ 

অতীতে দুই পক্ষের মধ্যে চলা টানাপোড়েনের কথা স্বীকার করে এশিয়ান ফুটবলের প্রধান অভিভাবক হিসেবে ঐক্যবদ্ধ পথচলার বার্তা দেন শেখ সালমান। ইনফান্তিনোর দিকে তাকিয়ে সমবেত প্রতিনিধিদের সামনে তিনি সরাসরি যোগ করেন, ‘হ্যাঁ, অতীতে কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে মতভেদ ছিল। কিন্তু আসুন, আমরা ওই দুটি বিষয়কে একসাথে মিলিয়ে না ফেলি। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে... ফুটবল তখনই সবচেয়ে শক্তিশালী হয়, যখন আমরা একসাথে কাজ করি।’ 

এশিয়ার মতো বিশাল ও প্রভাবশালী মহাদেশের এই প্রকাশ্য সমর্থন পাওয়ায় ফিফা সভাপতি হিসেবে ইনফান্তিনোর চেয়ার যে আরও শক্ত হলো, তা একপ্রকার নিশ্চিত। তবে উয়েফা এখনো আছে ইনফান্তিনোর বিপক্ষেই।