রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামতসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মোট ৩৪টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৬১ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৮৫, গুলশান বিভাগে ৫২, উত্তরা বিভাগে ৪৬, মতিঝিল বিভাগে ৩৬, ওয়ারী বিভাগে ৩৫, লালবাগ বিভাগে ৩৪, রমনা বিভাগে ২৫ এবং গোয়েন্দা বিভাগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে ৪৩৬ পিস ইয়াবা, চার বোতল বিদেশি মদ, সাতটি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার এবং এসব আলামত উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।