সাত নম্বরে নেমে সেঞ্চুরি বরেণ্যর

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশের চতুর্থ রাউন্ডে ব্যাট হাতে দারুণ এক ইনিংস খেলেছেন রংপুর বিভাগের উইকেটরক্ষক-ব্যাটসম্যান আশরাফউজ্জান বরেণ্য। দলের বিপর্যয়ে সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। তার ব্যাটে ভর করে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ৪০৪ রানের বড় সংগ্রহ গড়েছে রংপুর।

বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রথম ইনিংসে ১৫৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে রংপুর। তখন ব্যাটিংয়ে নেমে দলের হাল ধরেন বরেণ্য। দায়িত্বশীল ব্যাটিংয়ে ২০৪ বলের মোকাবিলায় ১১৬ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৯টি চার ও ৪টি ছক্কা। দীর্ঘ সময় উইকেটে থেকে ইনিংসের হাল ধরার পাশাপাশি রানের গতিও সচল রেখেছেন তিনি। 

তার সঙ্গে মোহাম্মদ সুমন ১১৭ বলে ৬২ রান করেন। শিহাব জেমসের ব্যাট থেকে এসেছে ৫৯ বলে ৩৬ রান। চট্টগ্রামের বোলারদের মধ্যে নবায়েত আলম ও শামীম মিয়া তিনটি করে উইকেট পেয়েছেন।