ফুটবল ইতিহাসের প্রথম সক্রিয় খেলোয়াড় হিসেবে মাঠ এবং মাঠের বাইরের আয় মিলিয়ে ২ বিলিয়ন মার্কিন ডলারের (২০০ কোটি ডলার) আয়ের রেকর্ড গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মাধ্যমে তিনি মার্কিন ক্রীড়া ধনকুবের মাইকেল জর্ডান এবং বিন্স ম্যাকম্যানের মতো কিংবদন্তিদের ২ বিলিয়ন ডলারের আয়ের এলিট ক্লাবে যোগ দিলেন।
ফরবেস ম্যাগাজিন এই ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর রোনালদো তার ক্যারিয়ার গোল সংখ্যা ৯৮২তে উন্নীত করেছেন। তার এই গোলে শুক্রবার সৌদি প্রো লিগের রোমাঞ্চকর ম্যাচে আল-ফয়সালির বিপক্ষে ৩-১ ব্যবধানের এক দাপুটে জয় তুলে নিয়েছে আল নাসর।
আল-ফয়সালির বিপক্ষে আল নাসরের আক্রমণভাগ শুরু থেকেই বেশ আগ্রাসী ভূমিকা পালন করে। ৪ মিনিটে আল হামদানের গোলে এগিয়ে যায় অতিথিরা। এর পর রোনালদোর শট পোস্টে বাধা পেয়ে ফিরে এলে পর্তুগিজ সতীর্থ জোয়াও ফেলিক্স শট নিয়েছিলেন, কিন্তু নিশানা মিস করে।
৪৯ মিনিটে এই ফেলিক্সেরই নিখুঁত ও বুদ্ধিদীপ্ত পাস থেকে চমৎকার ফিনিশিংয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন পাঁচবারের ব্যালন ডি'অর বিজয়ী সিআর সেভেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসরের হয়ে রোনালদো ইতিমধ্যে ৬টি গোল করেছেন।
ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ১,০০০টি অফিশিয়াল গোলের ক্লাবে প্রবেশ করতে রোনালদোর প্রয়োজন আর মাত্র ১৮টি গোল।