চোটাক্রান্ত কাভারাকে মানসিকভাবে শক্ত থাকার মন্ত্র দিলেন রোনালদো 

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পিএম

চ্যাম্পিয়নস লিগের মহারণে বার্সেলোনাকে ৪-২ গোলে হারানোর আনন্দের মাঝেও পিএসজির ড্রেসিংরুমে এখন বিষাদের সুর। ম্যাচের চলাকালে বার্সার জাবি এস্পার্তের সঙ্গে সংঘর্ষে ডান হাঁটুর অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) মারাত্মকভাবে ছিঁড়ে গেছে ২৫ বছর বয়সী জর্জিয়ান উইঙ্গার কাভিচা কাভারাতস্কেলিয়ার। এই ভয়াবহ ইনজুরির কারণে চলতি মৌসুমে তার আর মাঠে ফেরা হচ্ছে না বললেই চলে।

দুর্দান্ত ছন্দে থাকা এই তারকা উইঙ্গার হুট করেই পড়ে গেলেন ক্যারিয়ারের এই ঘোর অমানিশায়, সেখানে তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া তরুণ এই ফরোয়ার্ডকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন ও প্রেরণাদায়ী বার্তা পাঠিয়েছেন সিআরসেভেন।

ডান হাঁটুতে অস্ত্রোপচারের জন্য চিকিৎসকের ছুরিকাঁচির নিচে যাওয়ার প্রস্তুতি নেওয়ার মাঝেই নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক হৃদয়স্পর্শী পোস্ট দেন জর্জিয়ান এই তারকা। মাঠে ফিরতে কোনো সেকেন্ড অপচয় করবেন না জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে কাভারাতস্কেলিয়া লেখেন, ‘আমি ভেবেছিলাম আমি সবকিছুর জন্য প্রস্তুত, কিন্তু আসলে তা ছিলাম না। আমি বুঝতে পারছি যে ঈশ্বর আমাকেই বেছে নিয়েছেন। আমি জানি আমার মানুষদের জন্য আমাকে আরও শক্তিশালী হয়ে ফিরতে হবে, যারা সর্বদা আমার পাশে থাকে। আমি তোমাদের নিরাশ করব না, কথা দিচ্ছি এক সেকেন্ডও নষ্ট করব না। সাহায্যের জন্য সবাইকে ধন্যবাদ, শিগগিরই দেখা হবে।’

নিজেও ক্যারিয়ারে একাধিকবার মারাত্মক ইনজুরির মুখোমুখি হয়ে পুনর্জন্ম নেওয়া রোনালদো অনুজের এই কষ্টের মর্ম গভীরভাবে উপলব্ধি করতে পেরেছেন। কাভারার আবেগঘন সেই ইনস্টাগ্রাম পোস্টের মন্তব্যের ঘরে আত্মবিশ্বাস যোগাতে ইনস্টাগ্রাম কমেন্টে রোনালদো লিখেছেন, ‘ফুটবলের সবচেয়ে কঠিন লড়াইগুলো প্রায়শই এমন হয় যা কেউ দেখতে পায় না। আমি সেই অনুভূতিটা খুব ভালোভাবে জানি, কোভারা। তবে কীভাবে তুমি এতদূর এসেছ, তা কখনও ভুলে যেও না। এই একটি কঠিন মুহূর্তকে কখনও তোমার সক্ষমতার ওপর সন্দেহ তৈরির সুযোগ দিও না। ভেতরের আগুনটা জ্বালিয়ে রাখো। তোমার সেরা মুহূর্তগুলো এখনও আসা বাকি।’ 

শুধু আল নাসরের এই পর্তুগিজ মহাতারকাই নন, পিএসজির ড্রেসিংরুমের সতীর্থরাও প্রিয় সতীর্থের এই বিপদে সংহতি প্রকাশ করেছেন। মারকুইনহোস, ফেররান তোরেস এবং আশরাফ হাকিমিদের পাশাপাশি তরুণ ফরোয়ার্ড দেজিরে দুয়েও কাভারাকে সাহস জুগিয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টে এক কমেন্টে দুয়ে লেখেন, ‘শক্ত থাকো আমার ভাই, তুমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। ঈশ্বর তোমার সহায় হোন।’ 

পিএসজি নিশ্চিত করেছে, আগামী কয়েকদিনের মধ্যেই তরুণ এই উইঙ্গারের ডান হাঁটুতে অস্ত্রোপচার সম্পন্ন হবে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত