জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকার করে ক্ষমা না চাইলে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলা-১ আসনের ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকেরহাট বাজারে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নিয়ে পার্থ বলেন, জুলাইকে স্বীকার করতে হবে এবং এ বিষয়ে ক্ষমাও চাইতে হবে। সংশ্লিষ্ট দোষীদের সাজা হওয়ার পর দেশের মানুষ যদি মনে করে তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত, তাহলে সেই সিদ্ধান্ত সময়ই বলে দেবে।
দেশে গণতন্ত্র নেই আওয়ামী লীগ এমন বক্তব্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন বয়ান তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, আগে আওয়ামী লীগ দেশে জঙ্গিবাদের কথা বলত, এখন গণতন্ত্র নেই বলে প্রচার করছে। দুর্গাপূজার নিরাপত্তা ও উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এত নির্বিঘ্নে ও সুন্দর নিরাপত্তার মধ্যে পূজা উদযাপন হয়নি। আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার কিছুদিন পর থেকেই দেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে একটি বয়ান তৈরির চেষ্টা হয়েছিল। ভারতের কিছু গণমাধ্যমেও তা প্রচারের চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।
তথমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়ে গেছে। সেই অবস্থা থেকে উত্তরণে সরকারের সময় লাগছে। তবে মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছে, সংসদে বিরোধী দলও রয়েছে। আমার বিশ্বাস, দেশের গণতন্ত্র আরও উন্নত হবে। শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, তিনি দেশে ফিরতে পারবেন কি না, তা সময়ই বলে দেবে।