সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় জামায়াতের নিন্দা 

সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৪ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। 

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড জননিরাপত্তা ও নাগরিকদের স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকিস্বরূপ এবং দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে সুষ্ঠু তদন্তের মাধ্যমে উক্ত ঘটনার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।