সাফের বাংলাদেশ দলে দুই নতুন মুখ

ঘরের মাঠে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনূর্ধ্ব-২০ দল মাতানো দুই প্রবাসী তরুণ রোনান বেঞ্জামিন সুলিভান ও মাহি খানের জাতীয় দলে প্রথমবার ডাক পাওয়াটাই এই স্কোয়াডের মূল আকর্ষণ। এছাড়া শাহরিয়ার ইমনের মতো আসিয়ান কাপের গোলদাতাকে বাদ দেওয়ার পাশাপাশি তপু বর্মন-ইব্রাহিমদের দলে ফিরিয়ে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে সাফ জয়ের নতুন ছক কষছেন জাতীয় দলের কোচ।

যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ফরোয়ার্ড রোনান গত এপ্রিলে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ সাফ শিরোপাজয়ের অন্যতম নায়ক ছিলেন। পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচেই জোড়া গোল কিংবা ভারতের বিপক্ষে ফাইনালের টাইব্রেকারে মাথা ঠান্ডা রেখে জাল খুঁজে নেওয়ার সেই দৃশ্য ফুটবলপ্রেমীদের মনে এখনো তাজা।

এদিকে ইংল্যান্ডে জন্ম নেওয়া মাহি বয়সভিত্তিক লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর পর ইংলিশ নবম স্তরের ক্লাব মলটন এফসির হয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছেন, চলতি মৌসুমে মাত্র ৭ ম্যাচে করেছেন ৯ গোল! এসবের সুবাদের পেয়ে গেলেন জাতীয় দলেও ডাক। 

তরুণদের এই জোয়ারে জায়গা ছেড়ে দিতে হয়েছে আসিয়ান কাপের স্কোয়াডে থাকা ইমন, শাকিল আহাদ তপু ও এস এম মনজুরুর রহমানকে। বিশেষ করে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করা ইমনের বাদ পড়াটা বেশ আলোচনার জন্ম দিয়েছে। তবে বাদ পড়ার খবরের পাশাপাশি দলে লেগেছে অভিজ্ঞতার আবাহনও। অভিজ্ঞতার ভারসাম্য বজায় রাখতে ফিরিয়া আনা হয়েছে তপু বর্মন, মোহাম্মদ ইব্রাহিম, ইসা ফয়সাল ও কাজেম শাহ কিরমানিকে।

এছাড়া ২৮ সদস্যের পাশাপাশি ২ জন ফুটবলারকে কেবল ট্রেনিংয়ের জন্য রেখেছে বাফুফে। তারা হলেন ইসহাক আনন্দ ও মোহাম্মদ আসিফ। 

বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড:

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।

ডিফেন্ডার: তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, ইসা ফয়সাল, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ।

মিডফিল্ডার: সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ, জামাল ভূঁইয়া।

ফরোয়ার্ড: ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, শুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন, রোনান বেঞ্জামিন সুলিভান ও মাহি খান।