সিএনজিতে এসে আসিফ আকবরের গাড়িতে গুলি, যা জানাল পুলিশ

রাজধানীর মগবাজার এলাকায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, সিএনজিচালিত অটোরিকশায় এসে এক ব্যক্তি গুলি চালিয়ে সেখান থেকে চলে যান। তবে ওই ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার সময় আসিফ আকবর বিশাল সেন্টারের তৃতীয় তলায় নিজের স্টুডিওতে ছিলেন। তার গাড়ির চালকও তখন গাড়ির কাছে ছিলেন না। হামলাকারী গাড়ির চালকের আসনের পেছনের দিকের অংশ লক্ষ্য করে গুলি চালান। এতে গাড়ির কাচ ভেঙে যায়। ঘটনাস্থলে এক রাউন্ড গুলি ছোড়া হয় বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, একটি সিএনজিচালিত অটোরিকশা বিশাল সেন্টারের সামনে এসে থামে। সেখান থেকে একজন নেমে আসিফ আকবরের গাড়িতে গুলি চালান। এরপর তিনি আবার অটোরিকশায় উঠে মালিবাগের দিকে চলে যান। ওই অটোরিকশায় আর কেউ ছিলেন কি না, তা তদন্তের মাধ্যমে জানা যাবে বলে জানান তিনি।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে আসিফ আকবর নিজের স্টুডিওতে আসেন। এ সময় তার কয়েকজন বন্ধুও সেখানে ছিলেন। রাত ৩টার দিকে বন্ধুরা চলে যান। এর কিছুক্ষণ পর শনিবার ভোরে গুলির ঘটনা ঘটে।

কাছাকাছি থাকা এক নিরাপত্তাকর্মী গুলির শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যান। পরে গাড়িতে গুলির চিহ্ন দেখতে পেয়ে তিনি আসিফ আকবরকে বিষয়টি জানান। এরপর আসিফ আকবর নিচে নেমে গাড়ির অবস্থা দেখেন এবং জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন।

খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আসিফ আকবরের সঙ্গে কথা বলে। উপকমিশনার ইবনে মিজানের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে আসিফ আকবর কাউকে সন্দেহ করার কথা জানাননি। পাশাপাশি কারও বিরুদ্ধে অভিযোগও করেননি।

তবে অভিযোগ না থাকলেও ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। হামলাকারীকে শনাক্ত করতে ঘটনাস্থলের আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। ইতোমধ্যে একটি ফুটেজ পাওয়া গেছে, যেখানে সন্দেহভাজন ব্যক্তির শুধু পা দেখা যায়। ওই ফুটেজের সূত্র ধরে তদন্তের পরবর্তী ধাপগুলো এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া আসিফ আকবরের সঙ্গে তার অফিসের কারও বিরোধ রয়েছে কি না, তার বৈধ অস্ত্র আছে কি না কিংবা নতুন করে অস্ত্রের আবেদন করেছেন কি না, সেসব বিষয়ও খতিয়ে দেখছে পুলিশ। তিনি নিজ এলাকা কুমিল্লায় স্থানীয় নির্বাচনে অংশ নেবেন কি না এবং তার সঙ্গে কারও রাজনৈতিক বিরোধ রয়েছে কি না, তা-ও তদন্তের আওতায় রাখা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত হামলাকারীকে শনাক্ত করার তথ্য জানায়নি পুলিশ। ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য যাচাই করে গুলি চালানোর কারণ ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে।