হাটহাজারীতে প্রবারণা পূর্ণিমা ঘিরে উৎসবের আমেজ

চট্টগ্রামের হাটহাজারীতে আগামী রবিবার (২৫ অক্টোবর) বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা তথা ফানুস উড়ানো উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস ভিক্ষুসংঘের বর্ষাব্রত পালন এবং গৃহী সংঘের অমাবস্যা, অষ্টমী ও বিভিন্ন পূর্ণিমা তিথিতে উপোসথ শীল গ্রহণ ও বিদর্শন সাধনার পর এই উৎসব উদযাপন করা হয়। প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মীয় গুরু তথা ভিক্ষুসংঘের বর্ষাব্রত অধিষ্ঠানের সমাপনী দিন।

পরদিন থেকে বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহাকারুণিক বুদ্ধের নির্দেশনা অনুসারে ভিক্ষুসংঘ বিভিন্ন বৌদ্ধ বিহারে ধর্ম প্রচারে অংশ নেন। বিশেষ করে যেসব বিহারে ভিক্ষুসংঘ বর্ষাব্রত পালন করেন, সেসব বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠানে গিয়ে গৃহী সংঘকে ধর্মীয় উপদেশ দেওয়া হয়।

প্রবারণা পূর্ণিমা উৎসব মহাসমারোহে ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপনের লক্ষ্যে হাটহাজারী উপজেলার বৌদ্ধ জনগোষ্ঠী অধ্যুষিত বিভিন্ন বিহারে দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে ভোরে পবিত্র ত্রিপিটকের মঙ্গলবাণী পাঠ, সমবেত বুদ্ধবন্দনা, ভিক্ষুসংঘের প্রাতরাশ, ধর্মীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, পঞ্চশীল ও উপোসথ শীল গ্রহণ এবং বৈজয়ন্তিক ধ্বজা উত্তোলন।

এ ছাড়া অন্ন ও পুষ্পমেরু দান, ভিক্ষুসংঘের পিণ্ডদান, উপোসথ শীলধারীদের মধ্যাহ্নভোজ, প্রবারণা পূর্ণিমার তাৎপর্য নিয়ে আলোচনা, আলোকসজ্জা, বুদ্ধকীর্তন ও সন্ধ্যাকালীন প্রদীপপূজার আয়োজন রয়েছে। দেশের শান্তি ও সমৃদ্ধি এবং জীবজগতের মঙ্গল কামনায় সমবেত প্রার্থনার মধ্য দিয়ে বিভিন্ন বিহারে ধর্মীয় আয়োজন সম্পন্ন হবে।

হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই উদালিয়া শান্তি নিকেতন বৌদ্ধ বিহার, মির্জাপুর শান্তিধাম বিহার, মির্জাপুর গৌতমাশ্রম বিহার, বালুখালী জগৎজ্যোতি বৌদ্ধ বিহার, গুমানমর্দ্দন ধর্মচক্র বিহার, আরিয়া ওয়াংচা আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্র, গুমানমর্দ্দন সার্বজনীন নালন্দা বিহার, গুমানমর্দ্দন শান্তি বিহার, রুদ্রপুর ধর্মরত্ন বিহার, মীরেরখীল চন্দ্রপুর বেনুবন বিহার, জোবরা সুগত বিহার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিশ্ব শান্তি প্যাগোডা এবং মধ্যম মাদার্শা সার্বজনীন শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে পৃথকভাবে এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

হাটহাজারী বৌদ্ধ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।