বিজিবি দেখে গরু ফেলে ভারতে পালাল চোরাকারবারিরা

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ছোটফরিংগা সীমান্তে অভিযান চালিয়ে তিনটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য দুই লাখ টাকা।

শনিবার (২৪ অক্টোবর) রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীন ছোটফরিংগা বিওপির হাতিমারা এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় ছোটফরিংগা বিওপির একটি টহলদল হাতিমারা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরুগুলো ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তিনটি ভারতীয় গরু জব্দ করেন বিজিবি সদস্যরা।

রামগড় ব্যাটালিয়ন জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্ত সুরক্ষা, আভিযানিক কার্যক্রম পরিচালনা ও চোরাচালান দমনে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।