মিরসরাইয়ে ধর্ষণ মামলার অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. নুরুন্নবী (৪১) । শুক্রবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার চিনকি আস্তানা রেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত মো. নুরুন্নবী উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের দক্ষিণ খিলমুরারী গ্রামের আনা মিয়ার বাড়ীর মৃত আনোয়ার হোসেনের ছেলে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম বলেন, গত ১৫ অক্টোবর খিলমুরারী গ্রামে বসতঘরে এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। পরবর্তীতে তিনি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। ঘটনার সাথে জড়িত এজাহারনামীয় ২নং আসামি মো. নুরুন্নবীকে (৪১) শুক্রবার সকালে জোরারগঞ্জ থানাধীন চিনকি আস্তানা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, আসামিকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।