বাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নে বাড়ির পাশের পুকুরে ডুবে মো. আফনান বিন সেলিম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ডিগ্রিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আফনান ওই এলাকার ওয়াইজার বাড়ির মো. সেলিমের ছেলে। তিনি পেশায় একজন যানবাহন শ্রমিক।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় আফনান। কিছুক্ষণ পর তাকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়। পরে তাকে গুনাগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আফনানের বাবা মো. সেলিম ছেলের পুকুরে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগেও তাদের একটি ছেলে সন্তান মারা গেছে। বর্তমানে পরিবারে দুই মেয়ে সন্তান রয়েছে।

দুই বছরের সন্তানকে হারিয়ে পরিবারে শোকের মাতম চলছে। এ ঘটনায় এলাকাজুড়েও শোকের ছায়া নেমে এসেছে।