ভোলার মনপুরায় পুলিশের ওপর হামলার মামলায় প্রায় তিন বছর পর গ্রেপ্তার হওয়া ওয়ারেন্টভুক্ত আসামি মো. শহিদুল ইসলাম মোল্লা গ্রেপ্তারের পরদিন আদালত থেকে জামিন পেয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন মঞ্জুর করেন।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জামিনপ্রাপ্ত মো. শহিদুল ইসলাম মোল্লা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাকুচিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পুলিশ ও স্থানীয় জানায়, ২০২৩ সালের মার্চে মনপুরা উপজেলার ১নম্বর মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইউপি সদস্য প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় শহিদুল ইসলাম মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় শহিদুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালত জামিন দেন।