শিমগাছের ঝোপ কাটা নিয়ে বিরোধ: লালমোহনে যুবদল নেতা নিহত

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পিএম

ভোলার লালমোহনে শিমগাছের ঝোপ কাটা নিয়ে বিরোধের জেরে মো. ফিরোজ (৪৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে হামলায় গুরুতর আহত হওয়ার পর শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত কাজলকে আটক করেছে পুলিশ।

নিহত ফিরোজ উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বারের দোকান এলাকার ডাক্তার বাড়ির কাশেম আলীর ছেলে। তিনি কালমা ইউনিয়ন (উত্তর) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ফিরোজ নিজের জমিতে শিমগাছ রোপণ করে গাছের সুরক্ষায় বাঁশের ঝোপ দেন। জমিটি একই বাড়ির কাজলের ঘরের পাশে। শুক্রবার জুমার নামাজের পর কাজলের স্ত্রী জান্নাত বেগম ওই ঝোপ কেটে ফেলেন। নামাজ শেষে বিষয়টি দেখে ফিরোজ তাঁকে বাধা দিলে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে জান্নাতের স্বামী কাজল সেখানে এসে ফিরোজকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ উঠেছে।

পরে স্বজনেরা ফিরোজকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান। সেখান থেকে স্বজনেরা তাঁকে ঢাকায় নিয়ে যান। শনিবার বিকেলে ঢাকার সুপারম্যাক্স হেলথ্ কেয়ার লিমিটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়।

লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) মো. নূরুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযুক্ত কাজলকে আটক করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত