নিউইয়র্ক স্টেট বার পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন

বাংলাদেশি বংশোদ্ভূত সাদাত আরেফিন তাসিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট বার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সনদ লাভ করেছেন। গত ২৮ ও ২৯ জুলাই অনুষ্ঠিত এ পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে নিউইয়র্ক স্টেট বোর্ড অব ল এক্সামিনার্স।

একই সঙ্গে তাসিন নিউইয়র্ক ল কোর্স, নিউইয়র্ক ল এক্সাম এবং মাল্টিস্টেট প্রফেশনাল রেসপন্সিবিলিটি এক্সামও সফলভাবে সম্পন্ন করেছেন। কোর্ট অব আপিলসের বিধিমালা (কোর্ট রুলস ৫২০.৭) অনুযায়ী, তাঁকে অ্যাটর্নি ও কাউন্সেলর হিসেবে ভর্তির জন্য অ্যাপেলেট ডিভিশন, সেকেন্ড ডিপার্টমেন্টে প্রত্যয়ন করেছে বোর্ড।

নিজের এ অর্জনে আনন্দ প্রকাশ করে আরেফিন তাসিন বলেন, এ সাফল্যে তিনি অত্যন্ত আনন্দিত। এর সব কৃতিত্ব তার বাবা-মায়ের। তবে বিশ্বের যেখানেই থাকুন না কেন, বাংলাদেশের জন্য ভালো কিছু করতে চান তিনি।

জ্ঞানার্জনের প্রতি গভীর আগ্রহ, ধৈর্য ও নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে সম্প্রতি নিউইয়র্কের মর্যাদাপূর্ণ সেন্ট জনস ইউনিভার্সিটি স্কুল অব ল থেকে জুরিস ডক্টর (জেডি) ডিগ্রি অর্জন করেন তাসিন। এর পর নিউইয়র্ক স্টেট বার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তার অর্জনের ঝুলিতে যুক্ত হলো নতুন সাফল্য।

সাদাত আরেফিন তাসিন ১৯৯৯ সালের আগস্টে বরিশাল শহরের কলেজ রোডে তার নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান সেলিম রেজা। মাত্র চার বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তাসিন। সেখানে স্কুল ও কলেজের পড়াশোনা সফলভাবে শেষ করে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি।

ছেলের এ গৌরবোজ্জ্বল সাফল্যে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বাবা হাবিবুর রহমান সেলিম রেজা। তাসিনের অর্জনে তার পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যেও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।