বার্সাকে ৩-১ ব্যবধানে হারাবে রিয়াল!

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দ্বৈরথ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নানা হিসাব-নিকাশ ও ভবিষ্যদ্বাণী। আর এই মহা-লড়াইয়ের আগে নিজের সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদকেই স্পষ্ট ব্যবধানে এগিয়ে রাখছেন কিংবদন্তি ইংলিশ ফুটবলার স্টিভ ম্যাকম্যানামান। কাতালানদের ডেরা ক্যাম্প ন্যু-র গ্যালারিভর্তি দর্শকের সামনে লস ব্লাঙ্কোসরা ৩-১ ব্যবধানে জয় নিয়ে ফিরবে বলে ভবিষ্যদ্বাণী দিয়েছেন সাবেক এই রিয়াল তারকা।

ক্রীড়া বিষয়ক প্ল্যাটফর্ম ‘থ্রিসিক্সটিফাইভস্কোরস’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ক্লাসিকোর ফলাফল ও দলের পরিস্থিতি নিয়ে কথা বলেন ম্যাকম্যানামান। ম্যাচের জটিল মনস্তত্ত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আমি আশা করি রিয়াল মাদ্রিদ ৩-১ ব্যবধানে জিতবে, তবে শেষ পর্যন্ত মাঠে কী ঘটে তা দেখার অপেক্ষা। এই ম্যাচটি এমন এক দ্বৈরথ, যা সবসময় যেকোনো ধরনের পূর্বাভাসকে ভুল প্রমাণ করে। এটি অত্যন্ত কঠিন একটি লড়াই হবে, কারণ বড় ম্যাচের ভাগ্য নিজেদের পক্ষে ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য দুই দলেরই রয়েছে।’

রিয়ালের হয়ে পাঁচ মৌসুমে (১৯৯৯-২০০৩) ১৫৮টি ম্যাচ খেলেছেন তিনি। সেখানে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা শিরোপাসহ মোট ৭টি শিরোপা জিতেছেন এই সাবেক ইংলিশ মিডফিল্ডার।

এদিকে আসন্ন এল ক্লাসিকো এই ম্যাচে ছোট ছোট ভুল-ত্রুটি ও সুযোগ কাজে লাগানোর ওপর জোর দিয়ে ম্যাকম্যানামান মনে করেন, ভিনিসিয়ুস জুনিয়রের অনুপস্থিতি রিয়ালের আক্রমণের জন্য বড় এক ধাক্কা। ব্রাজিলিয়ান উইঙ্গারের গতি ও ড্রিবলিংয়ের অভাব কেবল কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে পূরণ করা সম্ভব নয়।

রিয়ালের হয়ে ৫ মৌসুমে ৭টি শিরোপা জিতেছেন স্টিভ ম্যাকম্যানামান, ছবি: সংগৃহীত 

সেখানে রিয়াল কোচের কৌশলগত চালের তাগিদ দিয়ে তিনি আরও জানান, ‘এমবাপ্পের দুর্দান্ত ক্ষমতা রয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু ভিনিসিয়ুস ও এমবাপ্পে দুজন সম্পূর্ণ ভিন্ন ধাঁচের খেলোয়াড়। শুধু একজন বিকল্প নামিয়ে ভিনিসিয়ুসের অভাব পুষিয়ে নেওয়া সম্ভব নয়। তাই ব্রাজিলিয়ান তারকার অনুপস্থিতিতে আক্রমণাত্মক ধার বজায় রাখতে কোচকে সঠিক কৌশলগত সমাধান খুঁজে বের করতে হবে।’

অন্যদিকে, এল ক্লাসিকোর ঠিক পরেই যখন উপলক্ষ্যটা ব্যালন ডি’অরের সেখানে, বর্তমান সময়ের দুই তরুণ মহাতারকা এমবাপ্পে এবং বার্সেলোনার লামিন ইয়ামালের মধ্যে কাকে এগিয়ে রাখবেন, এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল ম্যাকম্যানামানকে। 

সেখানে বার্সা বিস্ময় ইয়ামালের প্রশংসা করলেও দ্বিধাহীনভাবে রিয়াল ফরোয়ার্ডের পাল্লাই ভারী বলে মন্তব্য করেন তিনি। ‘আমি এমবাপ্পেকেই বেছে নেব। সে এমন একজন খেলোয়াড়, যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ব্যবধান গড়ে দিতে ও গোল করতে সক্ষম। পাশাপাশি কঠিন চাপ সামলানোর মতো যথেষ্ট অভিজ্ঞতাও তার রয়েছে। ইয়ামাল অসাধারণ এক প্রতিভা এবং এত কম বয়সে সে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে, তবে যদি এই মুহূর্তে দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হয়, তবে আমি এমবাপ্পেকেই ভোট দেব।’