মরিনহোর সঙ্গে ফ্লিকের ‘গোপন’ সাক্ষাৎ 

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০১:১০ পিএম

‘এল ক্লাসিকো’র উত্তাপ ছড়িয়ে পড়ার আগে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ডাগআউট ঘিরে তৈরি হয়েছে দারুণ এক আবেগময় আবহ। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক ও রিয়াল মাদ্রিদের চেনা মুখ জোসে মরিনহোর মধ্যকার সম্পর্কের সুতোটা কেবল বর্তমানের কোনো কৌশলগত লড়াইয়ে সীমাবদ্ধ নয়; এর শিকড় গেঁথে রয়েছে প্রায় দেড় দশক আগের এক গোপন মাদ্রিদ সফরে। 

আর সময়ের পরিক্রমায় সেই পুরোনো স্মৃতির রোমন্থন করে সাম্প্রতিক ক্লাসিকোর ঠিক প্রাক্কালে মরিনহোর প্রতি অকুণ্ঠ শ্রদ্ধার কথা জানিয়েছেন জার্মান এই কোচ।

গোপন মাদ্রিদ সফর ও পুরোনো স্মৃতির রোমন্থন

২০১১-২০১২ মৌসুমের ঘটনা। তৎকালীন জার্মান কোচ জোয়াকিম লো এর সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন ফ্লিক। সে সময় রিয়াল মাদ্রিদে আলো ছড়াচ্ছিলেন জার্মানির দুই অন্যতম সেরা তারকা মেসুত ওজিল ও সামি খেদিরা। ভিনদেশে নিজেদের প্রধান অস্ত্রদের পারফরম্যান্স দেখতে এবং ইউরোপীয় ফুটবলের ট্রেন্ড বুঝতে স্প্যানিশ রাজধানীতে পা রেখেছিলেন লো ও ফ্লিক।

২০১১ সালের শেষভাগে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল-বার্সেলোনার সেই বিখ্যাত ক্লাসিকো গ্যালারিতে বসে উপভোগ করেছিলেন তারা। এরপর মৌসুমের পরের দিকে অলিম্পিক লিওঁর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে আবারও মাদ্রিদে যান জার্মান কোচরা। আর ঠিক সেই সুযোগেই রিয়াল কোচ জোসে মরিনহোর সঙ্গে বৈঠক করেন ফ্লিক।

স্প্যানিশ সংবাদপত্র ‘মুন্দো দেপোর্তিভো’র এক প্রতিবেদনের সূত্রে উঠে এসেছে সেই পুরনো স্মৃতি। সেই সফরের স্মৃতিচারণ করে বার্সেলোনার বর্তমান কোচ ফ্লিক বলেন, ‘আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম, এবং তার অধীনে খেলা প্রতিটি জার্মান খেলোয়াড়ই তাঁর সম্পর্কে অত্যন্ত উচ্চ ধারণা পোষণ করে। তিনি একজন চমৎকার সহকর্মী ও বিশেষ সঙ্গী এবং আমি তাঁর প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করি।’ 

এদিকে সেই সফর নিয়ে জার্মান বস জোয়াকিম লো সে সময় জানিয়েছিলেন, ওজিল ও খেদিরার রিয়ালে যোগ দেওয়ার সিদ্ধান্তটি শতভাগ সঠিক ছিল। 

এল ক্লাসিকোর আগে মরিনহোর প্রশংসায় পঞ্চমুখ বার্সা কোচ

ম্যাচটির আগে আয়োজিত প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে রিয়াল কোচ মরিনহোর দীর্ঘ ও সফল কোচিং ক্যারিয়ার নিয়ে কথা বলেন ফ্লিক। মরিনহোর প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করে জার্মান এই কোচ বলেন, ‘মরিনহোর প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে। এত বছর ধরে এবং এত সফলভাবে দল পরিচালনা করাটাই তাঁর অসাধারণ প্রতিভার বড় প্রমাণ। তাঁর অধীনে খেলা প্রতিটি ফুটবলারই তাঁর সম্পর্কে অত্যন্ত উচ্চ ধারণা পোষণ করে।’ 

ম্যাচটির গুরুত্ব এবং দলের প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে পিএসজি ম্যাচের উদাহরণ টেনে আনেন বার্সা কোচ। রক্ষণভাগের দুর্বলতা কাটিয়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করে ফ্লিক আরও বলেন, ‘রিয়াল মাদ্রিদ এই ধরনের ম্যাচে বিশ্বের অন্যতম সেরা দল। তারা শারীরিকভাবে ভীষণ শক্তিশালী এবং আমরা সে অনুযায়ীই প্রস্তুতি নিয়েছি। গত মঙ্গলবার পিএসজির বিপক্ষে আমরা যে ভুলগুলো করেছি, সেখান থেকে আমাদের আরও ভালো ডিফেন্ড করতে হবে। আশা করি মাঠে আমরা সেটি প্রমাণ করতে পারব।’ 

আজকের এই ম্যাচটি হতে যাচ্ছে এল ক্লাসিকোর ২৬৫ তম ম্যাচ। এর আগে সর্বমোট ২৬৪টি ম্যাচ বার্সা ও রিয়াল দুই দলই জিতেছে সমান ১০৬টি করে ম্যাচ, আর ড্র হয়েছে ৫২টি ম্যাচে। যেখানে কাতালানদের ৪৩৮ গোলের জবাবে রিয়াল গোল করেছে ৪৪৭টি। আর কেবল লা লিগার ১৯২টি ম্যাচের হিসাব কষলে অবশ্য ৮০টি জয় নিয়ে সামান্য এগিয়ে রিয়াল, যেখানে বার্সার জয় ৭৭টি এবং ড্র ৩৫টি। 

সর্বশেষ সর্বাধিক পঠিত