ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫৯৮ জনকে গ্রেপ্তার করেছে এবং মোট ৪১টি মামলা দায়ের করেছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে রবিবার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

শনিবার (২৪ অক্টোবর) দিনভর পরিচালিত অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগ থেকে ১৭৮ জন, তেজগাঁও বিভাগ থেকে ১০০ জন, ওয়ারী ও মতিঝিল বিভাগ থেকে ৭১ জন করে, গুলশান বিভাগ থেকে ৫৪ জন, উত্তরা বিভাগ থেকে ৪৩ জন, লালবাগ বিভাগ থেকে ৪২ জন এবং রমনা বিভাগ থেকে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) তিনজনকে গ্রেপ্তার করে।

অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ব্যবহৃত একটি গুলির খোসা, তিনটি চাকু ও আটটি রড জব্দ করা হয়। এ ছাড়া ৯ হাজার ৫৮ পিস ইয়াবা, ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ২১ পুরিয়া গাঁজা এবং ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশ আরও জব্দ করে অপরাধে ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, ১২টি মোবাইল ফোন, ২০০ টাকা মূল্যমানের ৩২০টি জাল নোট, একটি সিপিইউ, একটি স্ক্যানার, একটি মাউস, একটি কীবোর্ড ও নগদ ১০ হাজার ১০০ টাকা। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।