কুয়াকাটা সৈকতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল’ শেষে সমুদ্রসৈকত পরিচ্ছন্ন রাখতে অভিযান চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এতে কেন্দ্রীয় ছাত্রদল এবং পটুয়াখালী জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।

‘পরিচ্ছন্ন সৈকত, ছাত্রদলের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে পরিচালিত অভিযানে সৈকতে পড়ে থাকা বিভিন্ন ধরনের বর্জ্য, ডাবের খোসা ও প্লাস্টিক অপসারণের উদ্যোগ নেওয়া হয়। পর্যটন কার্নিভালকে কেন্দ্র করে বিপুলসংখ্যক পর্যটকের আগমন ও উৎসবমুখর পরিবেশের পর সৈকত পরিচ্ছন্ন রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিযানে আমানউল্লাহ আমানের সঙ্গে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া আহম্মেদ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলামিন হাওলাদার, জেলা ছাত্রদল নেতা ইশামীন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তুষার, কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ ও সদস্যসচিব নেছার উদ্দিন হাওলাদার প্রমুখ।

পৌর ছাত্রদলের সদস্যসচিব নেছার উদ্দিন হাওলাদার বলেন, আমানউল্লাহ আমান আমাদের তৃণমূল ছাত্রদলের প্রাণ। আজ ভাইকে পেয়ে আমরা উচ্ছ্বসিত। কুয়াকাটা সৈকত পরিচ্ছন্ন রাখতে সকাল থেকেই অভিযান চলছে। তার এ কাজে উদ্বুদ্ধ হয়ে ইনশাআল্লাহ, আগামীতেও আমরা এ ধারাবাহিকতা বজায় রাখব।

আমানউল্লাহ আমানকে ‘মৃত্যুঞ্জয়ী ছাত্রদল নেতা’ উল্লেখ করে পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া আহম্মেদ বলেন, কুয়াকাটা তাদের অস্তিত্ব। এ স্থান পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। সৈকত পরিষ্কারের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধেও ছাত্রদল প্রচার চালাচ্ছে। শুধু সৈকত নয়, বাড়ির আঙিনাও পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।

আমানউল্লাহ আমান বলেন, কুয়াকাটা শুধু একটি পর্যটনকেন্দ্র নয়, এটি আমাদের দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই সৈকতের সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। পর্যটকেরা যেন পরিচ্ছন্ন ও সুন্দর সৈকত উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই ছাত্রদলের এই উদ্যোগ।