ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি ব্যবহার নিয়ে বিতর্কের মধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এক কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে। তাকে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বদলি হওয়া কর্মকর্তা মু. আব্দুল্লাহ আল জোবায়ের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্য। তিনি প্রেষণে এনসিটিবির গবেষণা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির লাইব্রেরিয়ানের অতিরিক্ত দায়িত্বও পালন করছিলেন তিনি।
রবিবার (২৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার নতুন কর্মস্থলের বিষয়টি জানানো হয়। আদেশ অনুযায়ী, তাকে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি নিজ বেতন ও বেতনক্রমে এ পদে কর্মরত থাকবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২৯ অক্টোবরের মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন বিকেলে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন। এ ছাড়া নিজস্ব পারফরম্যান্স ডেভেলপমেন্ট সিস্টেমে (পিডিএস) প্রবেশ করে অবমুক্তি ও যোগদানের কার্যক্রম সম্পন্ন করতে হবে।
জনস্বার্থে এ বদলির আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।