ঈশ্বরগঞ্জে মাদক মামলায় যুবকের কারাদণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মো. জামাল মিয়া (৩৬) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

একই সঙ্গে তাকে ৫০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও দুই দিন কারাগারে থাকতে হবে।

রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত জামাল মিয়া উপজেলার বড়হিত ইউনিয়নের বড়ডাংরী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে এ সাজা দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের একটি দল তাকে সহযোগিতা করে।