ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তেল পরিমাপে অসংগতি ও অনুমোদিত সনদ না থাকায় দুটি ফিলিং স্টেশনকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো ভূঁইয়া ফিলিং স্টেশন ও ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশন। 

এর মধ্যে তেল পরিমাপে অসংগতি এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদিত সনদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ভূঁইয়া ফিলিং স্টেশনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, ঈশ্বরগঞ্জ ফিলিং স্টেশনে পেট্রোলের পরিমাপসংক্রান্ত বিএসটিআইয়ের অনুমোদিত সনদ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মামলার প্রসিকিউশন দেন বিএসটিআইয়ের ময়মনসিংহের পরিদর্শক মেহের আফফান। 

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াদ হোসেন ও ঈশ্বরগঞ্জ থানার পুলিশের একটি দল উপস্থিত ছিল।

ইউএনও সানজিদা রহমান বলেন, ‘দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জ্বালানি তেল পরিমাপে সঠিকতা নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত