প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাসের ছবি সংবলিত একটি পোস্টে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করায় আবু বকর সিদ্দিকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াছিন পাইক রিমান্ডের আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এই আবেদন মন্জুর করেন।
গত ২৩ অক্টোবর আবু বকর সিদ্দিকে গ্রেফতার করে। ওই দিনই তাকে সাত দিনের রিমান্ডে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত ওই আসামিকে কারাগারে পাঠিয়ে রবিবার শুনানির জন্য দিন ধার্য করে।
আবেদনে বলা হয়, মামলার মূল রহস্য উদঘাটন, বাংলাদেশের সরকারপ্রধানকে হত্যাচেষ্টার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত ও গ্রেপ্তার করা, মন্তব্যের নেপথ্যে কোনো সুসংগঠিত সন্ত্রাসী গোষ্ঠী, স্নাইপার বা অস্ত্র সরবরাহকারী চক্র জড়িত কি না, তা বের করা এবং গ্রেপ্তার আসামি কোনো সুসংগঠিত সন্ত্রাসী গোষ্ঠী, চক্র বা নিষিদ্ধ সংগঠনের সদস্য কি না, তা অনুসন্ধান করা প্রয়োজন।
এ ছাড়া মামলার ঘটনার সঙ্গে কোনো চক্র বা মাস্টারমাইন্ডের সম্পৃক্ততা বা উপস্থিতি অনুসন্ধান, আসামির কাছ থেকে জব্দ করা আলামত ছাড়াও অন্য কোনো ডিভাইস বা ডিজিটাল আলামত উদ্ধার ও জব্দ এবং বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠী জড়িত কি না, তা খতিয়ে দেখার কথা বলা হয়।পাশাপাশি।
আদালত সংশ্লিষ্ট বিষয়ে আসামির বক্তব্য জানতে চাইলে আসামি বলেন, ‘কমেন্টটি মজা করে করেছি। এখানে আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমার ভুল হয়ে গেছে।' এ সময় আদালত সংবেদনশীল বিষয় নিয়ে এ ধরনের মন্তব্য করার বিষয়ে আসামিকে সতর্ক করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২১ অক্টোবর ফেসবুকে ‘দ্য বিউটি অব রাজশাহী’ নামে একটি গ্রুপে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী একটি বাসের তিনটি ছবি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে রাজশাহীতে প্রধানমন্ত্রীর জন্য লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাসের পরিবর্তে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাস ব্যবহারের বিষয়ে প্রশ্ন তোলা হয়।
ওই পোস্টের মন্তব্যের ঘরে ‘এমডি আবু বকর সিদ্দিক’ নামের একটি ফেসবুক আইডি থেকে ‘ইশ একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ বলে মন্তব্য করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই আইডির ব্যবহারকারীকে শনাক্ত করে রাজশাহী মহানগরের পবা থানার ঘোলহাড়িয়া দক্ষিণপাড়া এলাকা থেকে আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।